ঢাবিকে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১০:৩০ পিএম


ঢাবিকে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
ছবি: বাসস

ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সাথে তুলনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া মন্তব্যকে 'চরম অবমাননাকর' ও 'দায়িত্বজ্ঞানহীন' উল্লেখ করে এর তীব্র নিন্দা, ক্ষোভ ও জোরালো প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সাথে প্রতিমন্ত্রীর মন্তব্যকে 'চরম অর্বাচীন ব্যক্তির অজ্ঞতাপ্রসূত প্রলাপ' হিসেবে অভিহিত করে এই বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৯ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে সাদা দলের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক ও কলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

বিবৃতিতে বলা হয়, গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিং অনুযায়ী, এটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় ও বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে।

সাদা দলের শিক্ষকরা বলেন, প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস এবং ওয়েব অব সায়েন্স ইনডেক্সড জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অসত্য তথ্যের ভিত্তিতে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তুলনা করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এই বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব, জন্ম এবং বিকাশের ইতিহাসের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব এসেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শুধু তাই নয়, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন, ৯০-এর এরশাদবিরোধী আন্দোলন, ১/১১-এর অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছে এই বিশ্ববিদ্যালয়। বাঙালির কৃষ্টি, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ধারক 'পহেলা বৈশাখ' উদযাপনের ঐতিহ্যেরও অগ্রভাগে থাকে এই প্রতিষ্ঠান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় উদাসীনতা ও সীমিত বাজেটের মধ্যেও এ দেশের শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদান রেখে চলেছে, তা বিশ্বজুড়ে সমাদৃত। সংক্ষেপে বলতে গেলে-"বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়"।

সাদা দল মনে করে, এমন একটি ঐতিহ্যবাহী ও জাতীয় আবেগ জড়ানো প্রতিষ্ঠান সম্বন্ধে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে "ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার"—এই ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর এই মন্তব্য কোনো সুস্থ বা ইতিহাস সচেতন মানুষের হতে পারে না; বরং এটি একজন চরম অর্বাচীন ব্যক্তির অজ্ঞতাপ্রসূত প্রলাপ বলেই প্রতীয়মান হয়। সরকারের একজন মন্ত্রী হিসেবে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং তা সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, এই অবিবেচনাপ্রসূত মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও অবদানকে 'চরমভাবে অপমান' করা হয়েছে। 

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission